দুবাই কনস্যুলেট জেনারেলে শোক দিবস পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৮:১৩
দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। 
 
 
এ দিনটিকে ঘিরে দূতাবাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল নয়টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণের মধ্য দিয়ে শোক দিবসের অনুষ্ঠান শুরু হয়।  বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এবং দুবাইস্থ  বাংলাদেশ কনস্যুলেট জেনারেল -এর কনসাল জেনারেল জনাব এস. বদিরুজ্জামান এর নেতৃত্ত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। 
 
এ সময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তাগণ এবং প্রবাসী বিভিন্ন সংগঠনের কয়েকশত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১৯৭৫ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন, পবিত্র কোর’আন থেকে তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়। জাতীয় শোক দিবস -২০১৭ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বানী পাঠ করা হয়। এ দিনটি উপলক্ষে জাতির পিতার বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবনের উপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
ভূমি প্রতিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ‘প্রত্যেক প্রবাসী বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। তাই আপনাদের সকলকে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় সবসময় সচেষ্ট থাকতে হবে। কারো প্ররোচনায় কোন অবৈধ কাজে নিজেকে জড়াবেন না। সবসময় বৈধ পথে র‌্যামিটেন্স পাঠাবেন যা দেশের উন্নয়নে কাজে লাগবে।’ তিনি এ বিষয়ে সময়ে সময়ে কাউন্সেলিং এর ব্যবস্থা করার জন্য কনসাল জেনারেলকে পরামর্শ প্রদান করেন।
 
সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল জনাব এস. বদিরুজ্জামান বলেন, ‘বাঙ্গালি জাতির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ত্যাগস্বীকার করেছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি আধুনিক উন্নত রাষ্ট্রে পরিণত করা। তিনি একটি সোনার বাংলার স্বপ্ন দেখতেন। বর্তমান সরকারের প্রচেষ্টায় আজ আমরা ধিরে ধিরে সেদিকে এগিয়ে যাচ্ছি।’’ তিনি প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় অবদান রাখার আহবান জানান। 
 
অনুষ্ঠানে প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উপর নির্মিত একটি প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে আগত অতিথিদেরকে খিচুড়ি দিয়ে আপ্যায়ন করা হয়।