ঢাকা কলেজের শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা

আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ২৩:১৫

রাজধানীর মালিবাগের একটি মেস থেকে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে অপহরণ করে মিরপুরে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার রাতে মিরপুরের হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পিছনে বড়বাগ এলাকার ৩৭/১ নম্বর পাঁচ তলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শিক্ষার্থীর নাম আলামিন মাহমুদ বিজয় (২৩)। আলামিন ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। গতকাল মিরপুর থানার ওসি নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আলামিনকে তার বন্ধুরা অপহরণের পর হত্যা করেছে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, আলামিন ১৩১/১, মালিবাগ ১ম লেনের একটি বাড়ির নীচতলার মেসে থাকতেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি আড়াই মাস আগে হবিগঞ্জে গ্রামের বাড়িতে চলে যান। রবিবার তিনি ঢাকায় ফিরেন। তার সঙ্গে একই এলাকার আলম ওরফে রিপন নামে এক যুবক ঢাকায় এসে তার মেসে ওঠেন।

ওই মেসে আলামিনের বন্ধু জসীম উদ্দিন বলেন, সোমবার বিকালে আলামিন ওই যুবককে সঙ্গে করে মেস থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় বলে যায়, মগবাজারে আলম ওরফে রিপনকে বাসে তুলে দিয়ে মেসে ফিরবেন। রাত ৮ টার দিকে আলামিনের বাবা আনোয়ার হোসেনের কাছে ফোন করে ছেলের মুক্তিপণ বাবদ ১ লাখ টাকা দাবি করে অজ্ঞাত এক যুবক। আলামিনের মোবাইল ফোন থেকেই তার বাবার কাছে ফোন দেয়া হয়েছিল। এ ঘটনার সোমবার রাত ১১ টার দিকে জসীম শাজাহানপুর থানায় গিয়ে একটি জিডি করেন।

অপরদিকে, মিরপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ৮ টার দিকে বড়বাগের ওই বাড়ির কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় আলামিনের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের পকেট থেকে উদ্ধার করা কাগজপত্রে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

বাড়ির মালিক পুলিশকে জানায় যে, সোমবার সন্ধ্যায় দুই যুবক এসে জানায়, তাদের আত্মীয় হার্ট ফাউন্ডেশনে ভর্তি রয়েছেন। ওই কক্ষটি দৈনিক ৭শ’ টাকায় ভাড়া নেয় তারা। মঙ্গলবার বিকাল থেকে কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ দেখলে সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ইত্তেফাক/নূহু