ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে পালিত হলো জাতীয় শোক দিবস

আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৪:৩১
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় পালিত ওই শোকদিবস আলোচনায় বাঙ্গালীর শ্রেষ্ঠ সন্তানের অসমাপ্ত কার্যাবলীর সুষ্ঠু বাস্তবায়নের অঙ্গীকার করা হয়। 
 
দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করে দিবসটির সূচনা করেন সেদেশে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ জিয়াউল্লাহ। এসময় সেখানে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। 
 
সভার শুরুতেই বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনায় অংশ নেন আগতরা। এসময় তারা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর আলোকপাত করে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তার অসামান্য অবদানের কথা স্মরণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। 
 
শোকসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া প্রতিটি বঙ্গালীর উচিত বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজের সুন্দর বাস্তবায়নে নিজেদের মনোনিবেশ করা। আর তা হলেই আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে।’
 
ইত্তেফাক/সেতু