‘টেকসার্জেন্স ২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশের ৫৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে হবে ওয়াই-ফাই জোন

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২১:৪৭

মোজাহেদুল ইসলাম ঢেউ

 

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বিইউপি ইনফো টেক এবং রোবটিক্স ক্লাব-এর যৌথ উদ্যোগে আয়োজিত দুইদিনব্যাপী ‘বিইউপি টেকসার্জেন্স-২০১৯’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল ঢাকার মিরপুর সেনানিবাসস্থ বিইউপি-এর বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল ইন্টার-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট, হ্যাকাথন, রোবোটসকার, ম্যাথ অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, প্রজেক্ট শোকেসিং, পোস্টার প্রেজেন্টেশন, গেমিং প্রতিযোগিতা, লাইট ফলোয়ার রোবট প্রতিযোগিতা ও আইটি বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ইত্যাদি। এতে ২০টি কলেজ ও ৬০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিইউপি টেকসার্জেন্স-২০১৯ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে টিকে থাকতে হলে বিজ্ঞান পড়ুয়া ছাত্র-ছাত্রীদের প্রযুক্তিগত উন্নয়ন ছাড়া সম্ভব নয়। আগামী দুই বছরের মধ্যে ৫৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়াই-ফাই  জোন করে দেওয়া হবে, যাতে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করে প্রযুক্তিগত জ্ঞান আহরণে উদ্বুদ্ধ হয়।’ কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যাতে ডিজিটাল প্রযুক্তি আওতার বাহিরে না থাকে, তার জন্য তিনি সকলকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়-এর দূরদৃষ্টি ও চিন্তা ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি’র ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মো. এমদাদ উল বারী, এনডিসি, পিএসসি, টিই এবং বিইউপির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার, পিএইচডি। এছাড়া, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথি, গণমাধ্যমকর্মীসহ বিইউপির সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।