যথাযোগ্য মর্যাদায় ফ্রান্সের প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়। রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন। এরপর শোক দিবসের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রখ্যাত চিত্রশিল্পী মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ ও প্রবাসী বাংলাদেশিরা যোগ দেন।
IMG0
রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে দূতাবাস কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে নিরলস পরিশ্রম করে যেতে হবে। জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে প্রবাসীদের আহ্বান জানান, তাদের সন্তানেরা যেন ইসলামের ভুল ব্যাখ্যায় প্রণোদিত হয়ে সহিংস উগ্রবাদে জড়িয়ে না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে।
IMG1
স্বাধীনতা পুরস্কার পাওয়া শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি কম্যুনিটির হয়ে রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। বিভিন্ন প্রেক্ষিতে বঙ্গবন্ধুর সঙ্গে ঘনিষ্ঠভাবে মেশার স্মৃতিচারণ করেন, ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুর মাহাত্ম্য ব্যক্ত করেন। জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রবাসী বাংলাদেশিদের দেশকে ভালোবেসে সততা ও সহিষ্ণুতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
ইত্তেফাক/সাব্বির
