আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আগামী নির্বাচনী মাঠ ছেড়ে পালিয়ে না যেতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না, নির্বাচন কমিশনের অধীনেই হবে। নির্বাচনের তিন মাস প্রধানমন্ত্রীর কথায় ওসি বদল হবে না, এসপি বদল হবে না, কোনো অফিসার বদল হবে না। যেসব মন্ত্রী থাকবেন তাদের কারো কথায় হবে না। নির্বাচন কমিশনের কথায় বদল হবে। গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডিস্থ জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, জনগণ যে রায় দেয় সে রায় আমরা মেনে নেব। জনগণের উপর আস্থা রাখতে হবে। দয়া করে মানুষকে পুড়িয়ে মারার চেষ্টা করবেন না।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা করে মোহাম্মদ নাসিম বলেন, আমরা সব সময়ে সবার অংশগ্রহণে নির্বাচন চাই। এখনো আমরা চাই বিএনপিসহ সব দল আগামী নির্বাচনে আসুক। সরকারের জঙ্গি দমনের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জঙ্গিবাদ বাংলাদেশে সন্ত্রাসের একটি নতুন উপসর্গ ছিল। এই উপমহাদেশসহ আধুনিক ইউরোপ আমেরিকাতেও সম্পূর্ণভাবে সন্ত্রাস দমন করতে পারেনি। কিন্তু একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কৌশলের মাধ্যমে তার সরকারের আমলে কঠোরভাবে জঙ্গি দমন করছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যাকবলিত এলাকার মানুষ যাতে সঠিকভাবে চিকিত্সাসেবা পায় সে জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে সেই সকল এলাকায় মেডিকেল টিম গঠন এবং প্রয়োজনীয় ওষুধ পাঠানোর নির্দেশ দিয়েছেন। ১৪৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক প্রফেসর হামিদুল হক।
বন্যাকবলিত এলাকায় মেডিক্যাল টিম ও জরুরি ওষুধ পাঠানোর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বন্যাকবলিত এলাকায় মেডিক্যাল টিম গঠন এবং জরুরি ওষুধ পাঠানোর নির্দেশ দিয়েছেন। দুর্গত মানুষের চিকিত্সা সেবা নিশ্চিত করতেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তিনি এ নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বন্যা দুর্গত এলাকায় দায়িত্বরত চিকিত্সকদের আরো আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
ইত্তেফাক/নূহু
