বাংলাদেশের সবচেয়ে বড় আরজে হান্ট ‘জাগো কথাবাজ’ সিজন ২ শুরু হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আরজে হান্টের রেজিস্ট্রেশন পদ্ধতি ছিল মূলত অনলাইনভিত্তিক। প্রায় ১০ হাজার অংশগ্রহণকারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পাঁচটি রাউন্ডের এই আয়োজন শেষ হবে আগামী ৪ মে। অনলাইনে নিবন্ধনের পর ‘জাগো কথাবাজ-২০১৯’ নির্ধারণে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৫ মে জানা যাবে কে হচ্ছেন এবারের ‘জাগো কথাবাজ’। প্রতিযোগিতার প্রথম রাউন্ডের অংশ হিসেবে ৪০০ প্রতিযোগীকে নিয়ে বৃহস্পতিবার রাজধানীর উত্তর বাড্ডার ফুজি ট্রেড সেন্টারে গেট টুগেদারের আয়োজন করা হয়। এ গেট টুগেদারে জানানো হয়, প্রাথমিকভাবে বাছাই করা ৪০০ প্রতিযোগীর মধ্যে ৫০ জন বেছে নেওয়া হবে। এরপর ৫০ জন থেকে বাছাই করা হবে সেরা ১০। তারপর সেরা পাঁচ নির্বাচন করা হবে এবং সেরা পাঁচের লড়াই থেকে আগামী ৫ মে নির্ধারণ করা হবে চ্যাম্পিয়ন বা ‘জাগো কথাবাজ’। পাশাপাশি প্রথম ও দ্বিতীয় রানার্সআপ নির্ধারণ করা হবে। আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক ইত্তেফাক, জাগোনিউজ২৪.কম ও এনটিভি।
