সময় এখন ফরহাদ রেজার

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২২:০২

জান-ই-আলম

আগের মতোই স্বল্পভাষী, অনুভূতি প্রকাশে সলজ্জ ফরহাদ রেজা। গত কয়েক মাসে ঘরোয়া ক্রিকেটে বার বার মুগ্ধতা ছড়িয়েছে এই অলরাউন্ডারের পারফরম্যান্স। ব্যাটে-বলে ঈর্ষণীয় ফর্মে রয়েছেন। বোলিংটা আগের চেয়ে কার্যকর হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে তার ব্যাটিংয়ে। ২২ গজে এখন প্রায়ই রুদ্রমূর্তি ধারণ করছে ফরহাদ রেজার ব্যাট। সীমিত ওভারের দুই ফরম্যাটে খুনে ব্যাটিংয়ে কচুকাটা করছেন প্রতিপক্ষ বোলারদের।

এই তো গত ১ এপ্রিল মিরপুর স্টেডিয়ামে শেখ জামালের বিরুদ্ধে বিস্ফোরক ব্যাটিংয়ে ১৮ বলে হাফ সেঞ্চুরি করেছেন ফরহাদ রেজা। যা লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড।

বছরের শুরুতে বিপিএলে ১৪ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন তিনি। ঠিক তার পরপরই ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০ তে হয়েছেন টুর্নামেন্ট সেরা। চার ম্যাচে ১১ উইকেটের পাশাপাশি ১০৭ রান। যেখানে স্ট্রাইক রেট ২২৭.৬৫! চলমান প্রিমিয়ার লিগে নয় রাউন্ড পর্যন্ত ২৫ উইকেট নিয়ে সেরা বোলার তিনি। ব্যাটিংয়ে করেছেন ১৩৪ রান।

তার পারফরম্যান্সের এই ফিরিস্তি এখন সবারই জানা। গতকাল দুপুরে বিসিবি একাডেমি মাঠে একান্ত আলাপে খোদ ফরহাদ রেজাই রায় দিলেন, ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন তিনি।

ডানহাতি এই অলরাউন্ডার বলছিলেন, ‘আসলে অবশ্যই খুব ভালো সময় যাচ্ছে আল্লাহর রহমতে। সব খেলোয়াড়েরই এমন সময় যায়। আমারও এর আগে আসছিল। যখন আমি ক্যারিয়ার শুরু করেছিলাম তখন। এমন কিছু সময় আসছিল। ভালো সময় গেছে। হুট করে দ্বিতীয় বিভাগ থেকে প্রিমিয়ার লিগ, প্রথম শ্রেণির ক্রিকেট, ‘এ’ দল, জাতীয় দলে খেলেছি। তেমনই ভালো সময় কাটছে।’

প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের নেতৃত্ব দিচ্ছেন ফরহাদ রেজা। ব্যাটে-বলে মাঠে আগের চেয়ে অনেক আত্মবিশ্বাসী এখন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। যার রহস্য জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমার বোলিংয়ে অনেকে কাজ করেছে। যেমন শ্রী (কম্পিউটার অ্যানালিস্ট) আছে। ও অনেক সাহায্য করেছে। আর ব্যাটিংয়ে বাবুল স্যার (মিজানুর রহমান বাবুল, প্রাইম দোলেশ্বর কোচ) তো নিয়মিত কাজ করছে। উনি আমার সম্পর্কে ভালো জানে। আর আপনি জানেন, সুজন ভাই রাজশাহীতে যায় বাংলা ট্র্যাকের একাডেমিতে। ওই সময় উনিও আমার ব্যাটিং নিয়ে কিছু কাজ করছে। সবমিলিয়ে আল্লাহর রহমতে, উনাদের সাহায্যে জিনিসগুলো সহজ হয়ে আসছে এখন। উনারা যেভাবে আমাকে বলছে, আমার কাজগুলো সহজ করে দিছে।’

বাংলাদেশ দলের অ্যানালিস্ট শ্রী’কে বিপিএলের সময় রংপুর রাইডার্সের শিবিরে পেয়েছিলেন ফরহাদ রেজা। তখন শ্রী’র পরামর্শ অনেক বদলে দিয়েছে তাকে।

তবে সাম্প্রতিক সময়ে তার আক্রমণাত্মক ব্যাটিংটা অবাক করছে সবাইকে। বোলারদের তুলোধুনো করা প্রসঙ্গে ফরহাদ রেজা বলেছেন, ‘এটা নিয়মিত কাজ করছি। বাবুল স্যার নিয়মিত কাজ করছেন এই জায়গায়। আমাদের বেলালের (টিম স্টাফ) সাথে কাজ করছি। ও সবসময় থ্রো করছে। কিছু নির্দিষ্ট কাজ সেগুলো। এগুলোর কারণেই আত্মবিশ্বাসটা পাচ্ছি ব্যাটিংয়ে গিয়ে।’

বাংলাদেশের হয়ে ৩৪ ওয়ানডে ও ১৩ টি-২০ খেলেছেন এই অলরাউন্ডার। জাতীয় দলে সর্বশেষ খেলেছেন ২০১৪ সালে। জাতীয় দলে ফেরার স্বপ্নটা লালন করেই প্রতিনিয়ত ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে দ্যুতি ছড়াচ্ছেন ফরহাদ রেজা। গতকাল বলেছেন, ‘অবশ্যই স্বপ্ন দেখি। আমাকে বিশ্বকাপের প্রাথমিক ৩০ জনের দলে রাখছে। জানি না পরে কি হবে। অবশ্যই একটা খেলোয়াড় যতক্ষণ না অবসর নিচ্ছে, ততক্ষণ তার স্বপ্ন থাকবে জাতীয় দলে খেলার।’

আশার ভেলায় চড়েই এগুচ্ছেন ফরহাদ রেজা। লাল-সবুজ জার্সিতে ফিরতে পারফরম্যান্সের জোয়ার নিয়ে বার বার সবার নজর কাড়তে চান।