গাংনী উপজেলার তেরাইল-করমদী সড়ক নির্মাণ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। সড়কে মাটি কাটা হলেও বালু দিয়ে ভর্তি না করায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
গাংনী উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, তেরাইল-করমদী সড়কের চেয়ারম্যানপাড়া এলাকায় ৬০ লাখ টাকা ব্যয়ে ১কি.মি সড়ক নির্মাণের ঠিকাদারীর কাজ পান বালিয়াঘাট গ্রামের পিন্টু।
স্থানীয়রা জানান, প্রায় দেড় মাস আগে ঠিকাদার রাস্তা নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি শুরু করলেও বর্তমানে কাজ বন্ধ রয়েছে। সড়কে পানি জমে থাকায় মানুষ চলাচল করতে পারছে না। এ এলাকার হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।
এদিকে ঠিকাদার পিন্টু জানান, বামুন্দী ইউপি চেয়ারম্যান ও তেরাইল গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বিশ্বাস সড়কে কাজ করতে দিচ্ছে না। এ কারণে কাজ বন্ধ রয়েছে।
বামুন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস বলেন, বর্তমানে কাদা ও পানি থাকলেও সেগুলো অপসারণ না করে নিম্নমানের সামগ্রী দিয়ে ভরাটের চেষ্টা করছিল। এ কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দেয়। ঠিকাদার নিয়ম মেনে কাজ করতে চাইলে তাকে সহযোগিতা করা হবে।
মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সর্দ্দার বলেন, বর্ষার সময় সড়কে কাজ করার কোনো নিয়ম নেই। ঠিকাদার নিয়ম ভেঙে খোঁড়াখুঁড়ির কাজ করেছে। এ কারণে মানুষের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এছাড়া ঠিকাদার ওই এলাকার মানুষের নিরাপত্তা বিঘ্ন করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে সকলে সহযোগিতা করলে যে কোনো সময় কাজ শুরু হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে।
ইত্তেফাক/নূহু
