আবার কোচ পাল্টাচ্ছে ক্যারিবিয়ানরা

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২২:০৩

স্পোর্টস রিপোর্টার

আবারো কোচ পাল্টাতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের মাত্র তিন মাসের মাথায় গুঞ্জন উঠেছে, চাকরি হারাতে চলেছেন রিচার্ড পাইবাস। পাইবাসের সাথে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) চুক্তি আগামী জুলাই অবধি। মানে বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতীয় দলের সফর পর্যন্ত আছেন তিনি। এই চুক্তির মেয়াদ আর না বাড়ানোর সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।

সিডব্লিউআই-এর সভাপতি রিকি স্কেরিট জানিয়েছেন আসছে সপ্তাহে কোচিং কাঠামো পুনর্নির্ধারণের জন্য বোর্ড একটা বৈঠকে বসবে। তিনি বলেন,‘আমরা কিছু ব্যাপার পুনর্নির্ধারণ করছি। চূড়ান্ত ঘোষণা আগামী মঙ্গলবারের বৈঠকের পরই আসবে।’

 গেল জানুয়ারিতেই ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্ব নিয়েছিলেন পাইবাস। তিনি ছিলেন মিডলসেক্সের কোচের দায়িত্ব পেয়ে চলে যাওয়া স্টুয়ার্ট ল’র বদলি। পাইবাসের অধীনে পারফরম্যান্সে মন্দ নয় ক্যারিবিয়ানরা। ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়েছে তারা। ওয়ানডেতে ২-২ ব্যবধানে ড্র করে বিশ্বকাপের আগে এখন বেশ চাঙ্গা উইন্ডিজ দল। শুধু পাইবাস নয়, সহকারী কোচ মুশতাক আহমেদের মেয়াদও আর পারছে না। ২০১৮ সালের অক্টোবরে তিনি এই দায়িত্ব পান।

ক্যারিবিয়ান ক্রিকেটের সাথে পাইবাস আছেন সেই ২০১৩ সাল থেকে। প্রথম তিন বছর তিনি বোর্ডের ক্রিকেট পরিচালক পদে কাজ করেন। এরপর মেয়াদ না বাড়িয়ে তিনি চলে যান। এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাকে ফিরিয়ে এনে হাই পারফরম্যান্স ডিরেক্টরের কাজ দেওয়া হয়। সেখান থেকেই এই বছরের শুরুতে তিনি পান প্রধান কোচের দায়িত্ব। পরিচালক হিসেবে পাইবাস খানিকটা বিতর্কিতও ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা পাওয়ার জন্য ক্যারিবিয়ানদের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণকে বাধ্যতামূলক করেন তিনি। ক্যারিবিয়ানদের সিনিয়র ক্রিকেটাররা বরাবরই বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকেন।

 এই নিয়মের ফলে পাইবাসের ওপর ক্ষিপ্ত ছিলেন তারা। ডেভ ক্যামেরনের ছয় বছরের মেয়াদ শেষে স্কেরিট দায়িত্ব নেওয়ার পরই বুঝিয়ে দিলেন যে, তিনি দেশের স্থানীয় কোচদের ওপরই ভরসা রাখতে চান। বললেন, ‘ওর ব্যাপারটা আসলে একটু গোলমেলে। আমার মতে স্থানীয় বিশেষজ্ঞদের কাজে লাগানো দরকার। নন-ক্যারিবিয়ানদের তখনই আমরা রাখতে চাই, যখন আসলে আর কোনো উপায় নেই। আমি তাদের ওপর ভরসা রাখতে চাই, যারা আমাদের যা আছে সেটা মেনেই কাজ করতে আগ্রহী।’