স্পোর্টস ডেস্ক
‘চ্যাম্পিয়নসুলভ মনোভাব আর তাতে মেলা জয়গুলোই আপনাকে শিরোপা জেতায়’ কথাটা মোটামুটি একঘেয়ে শোনালেও ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল তাই করে দেখাচ্ছে। ৮০ ও ৮৬ মিনিটে মোহামেদ সালাহ ও জর্ডান হেন্ডারসনের সুবাদে পাওয়া দুই গোলে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারাল লিভারপুল। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে তিন পয়েন্ট নিশ্চিত করলো কোচ য়ুর্গেন ক্লপের দল।
সাউদাম্পটনের মাঠে গত শুক্রবার শুরুতে পিছিয়ে পড়েও নাবি কেইটার গোলে সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে অল রেডরা। এরপর ৮০ মিনিটে খেলাটি যখন ড্রয়ের দিকে এগোচ্ছিলো সেসময় একক নৈপুণ্যে দলকে এগিয়ে দেন মোহামেদ সালাহ। পাঁচ মিনিট পর আরেকটি প্রতি আক্রমণে হেন্ডারসন লক্ষ্যভেদ করলে জয় নিশ্চিত হয় ক্লপের শিষ্যদের।
লিভারপুল চলতি মৌসুমের ৩৩ ম্যাচ খেলে এ নিয়ে শেষ দশ মিনিটে সাত পয়েন্ট পেয়েছে। বিপরীতে তাদের চাইতে এক ম্যাচ কম খেলে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি নিজেদের সবকটি পয়েন্টই জিতেছে ৮০ মিনিটের আগেই।
কোচ ক্লপ জানালেন এমন মুহূর্তের জন্যে মোটেও অপেক্ষা করে না তার দল। তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তের জন্য বিশেষভাবে কাজ করি তবে অপেক্ষা করি না মোটেও। সমতায় থেকে বিরতির পর আমরা খেলাটাকে শান্ত করতে সক্ষম হয়েছিলাম। পরে দারুণ দুটো প্রতি আক্রমণে ফলাফল নির্ধারিত হলো। এটা দারুণ। আমি ছেলেদের বলেছিলাম আমাদের মানসিকতা বেশ ভালো।’
রোমা থেকে লিভারপুলে এসে শুরুটা দারুণ হলেও ৫০তম গোলের মাইলফলকের সামনে এসে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন সালাহ। শেষমেশ নিজের ৬৯তম ম্যাচে এসে যখন তা ছুঁলেন, ভাঙলেন ফার্নান্দো তোরেসের ৭২ ম্যাচে ৫০ গোলের রেকর্ডও।
লিভারপুলের হয়ে সবচেয়ে কম ম্যাচে অর্ধশত গোলের কীর্তি গড়ার পর কোচের প্রশংসাও কুড়ালেন মিসরীয় এই ফরোয়ার্ড। ক্লপের ভাষায়, ‘এটা অসাধারণ ছিল। নিজের গোলের জন্যে সালাহর কোনো সাহায্যেরও প্রয়োজন হয়নি। এগিয়ে যেতে যেতে অসাধারণ এক ফিনিশ করলো! তার নৈপুণ্য আমাকে মুগ্ধ করেছে।’
সর্বশেষ প্রিমিয়ার লিগ জয়ের ২৮ বছর পর এ মৌসুমে আবারও এর পুনরাবৃত্তির দারুণ সুযোগ লিভারপুলের সামনে। ক্লপ নিজেও সর্বশেষ লিগ জিতেছিলেন ছয় মৌসুম আগে, বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে। দুটো অপেক্ষারই মধুর সমাপ্তির খুব কাছে দাঁড়িয়ে জার্মানটি জানালেন এটি দারুণ এক অনুভূতি যোগাচ্ছে তাকে, ‘এখন আমাদের সংগ্রহ ৮২ পয়েন্ট। এই ক্ষ্যাপাটে লিগে যা অনেক বড় ব্যাপার। সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। এটা সবার জন্যেই কঠিন বছর। শীর্ষ চারের জন্য আপনাকে ৭০-৭৫ পয়েন্ট অর্জন করতে হবে এবং লিগ জয়ের জন্য ৯০ এরও বেশি। আমরা শিরোপার দৌড়ে আছি এবং এটা দারুণ ব্যাপার।’
ক্লপের মতে নিজস্ব ফুটবল দর্শনই তাদের এখানে নিয়ে এসেছে অল রেডদের। তিনি বলেন, ‘আমরা ম্যানসিটির মতো খেলি এমনটাই চায় মানুষ কিন্তু আমাদের দ্বারা তা সম্ভব নয়। আমরা আমাদের ঘরানার ফুটবল খেলি।’
