ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, ১৫ আগস্ট বাংলার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতেই এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ছবি দেখে বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধু পরিবার সম্পর্কে জানতে পারবে।
শুক্রবার বিকেলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) বারান্দায় আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রদর্শনীর আয়োজক বাংলাদেশ ছাত্রলীগ। তিনদিন ব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রদর্শনী চলবে আগামী রবিবার সন্ধ্যা পর্যন্ত।
ছাত্রলীগ সভাপতি বলেন, নতুন প্রজন্মের সামনে সঠিক ইতিহাস তুলে ধরলে তারা বঙ্গবন্ধুর জীবনাদর্শ থেকে শিক্ষা নিবে সেটা আমাদের বিশ্বাস। এ জন্যই বঙ্গবন্ধু ও তার পরিবারের দুর্লভ কিছু আলোকচিত্র দিয়ে এ প্রদর্শনী সাজানো হয়েছে।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধুর ইতিহাস সম্পর্কে অবগত করতেই এ প্রদর্শনীর আয়োজন। আলোকচিত্রের মাধ্যমে আমরা বঙ্গবন্ধু পরিবারের অবদানকে তুলে ধরার চেষ্টা করেছি। এই চিত্র দেখে বর্তমান প্রজন্ম উদ্বুদ্ধ হবে বলে আমরা মনে করি। আমরা যারা বঙ্গবন্ধুকে সামনে থেকে দেখিনি তাদের কাছে এসব আলোকচিত্র অত্যন্ত মূল্যবান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্মসাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিএম এহতেশাম, দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরান খান, পরিবেশ বিষয়ক সম্পাদক এবিএম হাবিবুল্লাহ বিপ্লব, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স প্রমুখ।
ইত্তেফাক/রেজা
