জুভেন্তাসের দৃঢ় বিশ্বাস ক্রিশ্চিয়ানো রোনালদো আয়াক্সের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের খেলারটির আগে ইনজুরি থেকে সেরে উঠবেন। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা সার্বিয়ার বিপক্ষে ইউরো ২০২০ বাছাইপর্বে খেলতে গিয়ে উরুর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। এর আগে এই চ্যাম্পিয়ন্স লিগেই অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে হ্যাটট্রিক নৈপুণ্য দেখিয়ে দুই গোলে পিছিয়ে পড়া জুভেন্তাসকে শেষ আটে তুলে আনেন তিনি। ৩৪ বছর বয়সী রোনালদো আগেই জানিয়েছিলেন ইনজুরিটা গুরুতর নয়। তাই ক্লাবও জানাচ্ছে ১০ এপ্রিল আয়াক্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলতে পারেন পর্তুগীজ স্ট্রাইকারটি। জুভেন্তাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি বলেছেন, ‘ক্রিশ্চিয়ানোকে ভাল মনে হচ্ছে। আয়াক্স-জুভ খেলার পাঁচদিন থাকতে পরিস্থিতি ভালই মনে হচ্ছে।’
