সুইডেনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোকদিবস পালিত

আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ০৯:৫৩
বিনম্র শ্রদ্ধা ও যথাযথ ভাবগাম্ভীর্যের মাধ্যমে গত ১৫ই আগস্ট স্টকহোমের বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার।
 
সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর সংগ্রামমুখর জীবন, আদর্শ ও কর্ম সম্পর্কিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় এবং আলোচনাসভার আয়োজন করা হয়। শোক দিবসের অনুষ্ঠান পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অতঃপর বঙ্গবন্ধু, তাঁর সহধর্মিনী, শিশুপুত্র শেখ রাসেলসহ ১৫ই আগস্টের বর্বর হত্যাকাণ্ডে শাহাদাৎ বরণকারী অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আগতরা। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
 
বক্তারা তাদের আলোচনায় স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে জাতির জনকের অসামান্য আত্মত্যাগ ও অবিস্মরণীয় এবং একক নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তারা উল্লেখ করেন যে, স্বাধীনতার পর বঙ্গবন্ধু যখন একটি যুদ্ধবিদ্ধস্ত দেশকে পুনর্গঠনে আত্মনিয়োগ করেছেন ঠিক তখনই স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী চক্র জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে যা মানব সভ্যতার ইতিহাসে একটি জঘন্যতম হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত। 
 
ইত্তেফাক/সেতু