ইসি সংলাপের নামে ’আইওয়াশ’ করছে : মওদুদ আহমদ

আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২১:৪২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমরা বারবার বলছি এই ইসি নিরপেক্ষ নয়। সিইসির রাজনৈতিক দলীয় পরিচয় রয়েছে। আওয়ামী লীগের নির্ধারিত কমিশন দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে না। দলীয় সরকার ক্ষমতায় থাকলে কখনো নির্বাচন সুষ্ঠু হবে না। কমিশন নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। নির্বাচন কমিশন (ইসি) সংলাপের নামে আইওয়াশ করছে। 
 
শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি একথা বলেন। ‘লেভেল প্লেয়িং ফিল্ড এবং নির্বাচন কমিশনের ভুমিকা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল। 
 
বর্তমান নির্বাচন কমিশনকে একটি ‘তল্পিবাহক কমিশন’ আখ্যা দিয়ে মওদুদ আহমদ বলেন, এই নির্বাচন কমিশন যেভাবে গঠন করা হয়েছে সেই প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ছিল। আমরা বিষয়টিতে বারবার আপত্তি জানিয়েছি। পুরো নির্বাচন কমিশনে দলীয় দৃষ্টিকোন থেকে নিয়োগ দেওয়া হয়েছে।
 
তিনি বলেন, দলীয় সরকারের অধীনে তারা নির্বাচন সুষ্ঠু করতে পারবে না। ইসি যে রোড ম্যাপ দিয়েছে তা অর্থহীন। এর কোনো মূল্য নেই।তফসিল ঘোষণার পর নয়, এখন থেকেই রাজনৈতিক দলগুলোকে প্রচার চালাতে ও ভোট চাইতে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
 
সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি