ঘোড়াঘাটে অভিযানের কথা শুনেই ডাক্তার পালালো

আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৩:৪৫
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরে অবস্থিত ওয়েলকাম ডায়গনস্টিক সেন্টারে ম্যাজিস্ট্রেট আসার কথা শুনেই এক ডাক্তার পালিয়ে গেছে।
 
জানা গেছে, জয়পুরহাট সদর হাসপাতালে কর্তব্যরত কার্ডিওলজি বিভাগের ডাক্তার সাইফুল ইসলাম দীর্ঘদিন থেকে প্রতি রবিবারে ঘোড়াঘাট উপজেলা ওসমানপুরে অবস্থিত ওয়েলকাম ডায়াগনস্টিক সেন্টারে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোগী দেখেন। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নির্বাহী অফিসার টি এম এ মমিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে বেলা ১১টার দিকে ওয়েলকাম ডায়াগনস্টিক সেন্টারে পুলিশ ফোর্সসহ এক অভিযান চালান। কিন্তু অভিযানের কথা জানতে পেরে কয়েক মিনিট পূর্বেই ডাক্তার সাইফুল ইসলাম পালিয়ে যান। অভিযানকালে নির্বাহী অফিসার ডায়াগনিস্টিক সেন্টারে সকল কাগজপত্র দেখেন। 
 
এতে দেখা যায়, ওয়েলকাম ডায়াগনস্টিক সেন্টারটিকে রক্ত সঞ্চালন বাদে শুধুমাত্র প্যাথলজিক্যাল কাজ করার লাইসেন্স প্রদান করা হয়েছে। কিন্তু সেন্টারে কয়েকটি চেম্বার খুলে ডাক্তার বসিয়ে চিকিৎসাপত্রসহ নানা পরীক্ষা-নিরীক্ষা করার কাজও চালানো হচ্ছিল। উপজেলা নির্বাহী অফিসার প্রথমবারের মতো ডায়াগনস্টিক সেন্টারটির কোন জরিমানা না করে সতর্ক করে দেন। 
 
একইদিন উপজেলা নির্বাহী অফিসার ওসমানপুর বাজারের পশ্চিমে অবস্থিত লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। এ সেন্টারে কোন বৈধ কাগজপত্র না থাকায় ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেন এবং মালিক কাঞ্চন মিঞার ৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
 
ইত্তেফাক/এমআই