রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখ্শ হল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে হলের ২০৫ নম্বর কক্ষের সামনে থেকে ককটেলটি উদ্ধার করা হয়। ওই কক্ষটিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্ক থাকেন বলে জানা গেছে। তবে কে বা কারা এই ককটেল রেখে গেছে তা এখনো জানা যায়নি।
হল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদার বখ্শ হলের ২০৫ নম্বর কক্ষের সামনে ককটেল দেখা গেলে কয়েকজন শিক্ষার্থী ছাত্রলীগ নেতা অর্ক ও হল প্রশাসনকে জানায়। পরে হল প্রশাসন ও পুলিশ এসে ককটেলটি উদ্ধার করে নিয়ে যায়।
ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্ক বলেন, এক ছোটভাই আমাকে ডেকে বলে, আমার রুমের সামনে ককটেল পড়ে আছে। পরে আমি দেখে তাৎক্ষণিকভাবে হল প্রশাসনকে জানাই। হল প্রশাসনে উপস্থিতিতে পুলিশ এসে ককটেলটি উদ্ধার করে নিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, আমি বিষয়টি শুনে পুলিশকে জানাই। পরে পুলিশ সেখান থেকে ককটেলটি উদ্ধার করে নিয়ে যায়।
মতিহার থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘আমরা ককটেল উদ্ধার করেছি। ককটেলটি পরিত্যক্ত বলে মনে হয়েছে। কে বা কারা রেখে গেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।’
ইত্তেফাক/কেকে
