কুবি উপাচার্যকে কার্যালয়ে প্রবেশে শিক্ষকদের বাধা

আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২০:৩৪
 
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভুঁইয়াকে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার কার্যালয়ে প্রবেশে করতে দেয়নি শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ। রবিবার সকাল ১১টায় নিজ কার্যালয়ে যাওয়ার সময় প্রশাসনিক ভবনের নিচতলায় তাকে বাধা দেয় শিক্ষক নেতারা।
 
জানা যায়, শোক দিবসে ক্লাস নেয়ার অভিযোগে ছাত্রলীগের দাবির প্রেক্ষিতে কোন প্রকার তদন্ত ছাড়াই মাত্র তিন দিনের মাথায় মাহবুবুল হক ভূঁইয়াকে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সকাল ৯টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে বঙ্গবন্ধু পরিষদ। এর দুই ঘণ্টা পর উপাচার্য তার কার্যালয়ে যেতে চাইলে প্রশাসনিক ভবনের নীচতলায় তাকে বাধা দেয় বঙ্গবন্ধু পরিষদ ও শিক্ষক সমিতি।
 
এদিকে ওই শিক্ষকের বাধ্যতামূলক ছুটির সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে উপাচার্যকে আইনি নোটিশ পাঠানো হয়। একই সঙ্গে প্রত্যাহারের বিষয়ে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা ১২ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে জানাতে বলা হয়েছে। শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা লাগাতারভাবে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।
 
ইত্তেফাক/জামান