শত বিঘার মালিকের সঙ্গে আছে শতাংশ পরিমাণ জমির মালিক। সবাইকে বিভিন্ন প্রয়োজনে ভূমি অফিসে যেতে হয়। কারো কাছে যদি সাবেক দাগ বা এসএ রেকর্ড থাকে কিন্তু মাঠ জরিপের কাগজ না থাকে, তবে তার পুরাতন দাগ নম্বর দিয়ে হাল দাগ জানতে এবং রেকর্ডের কাগজ বের করতে পারার কথা। কিন্তু তা আর হচ্ছে না। জমিজমা সংক্রান্ত প্রতিটা কাজেই দুর্নীতি। এসএ রেকর্ড, মাঠ জরিপ, ডিপি পর্চা, হেয়ারিংয়ের কাগজসহ জমিজমা সংক্রান্ত কাগজ নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে তোলার ব্যবস্থা রয়েছে। কিন্তু তা কতটুকু কার্যকর? কেনই বা বেশিরভাগ অফিসারদের সদিচ্ছা নেই? কেনইবা মানুষকে এত ভোগান্তির মাঝে ফেলা? কেনইবা মানুষের সরলতার সুযোগ নিয়ে শত শত জনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া? দেশের নাগরিকরা যাতে সহজভাবে দুর্নীতি ছাড়া সেবা পায় সেই ব্যবস্থা করা বাঞ্ছনীয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রুম্মান আহমদ চৌধুরী
জকিগঞ্জ, সিলেট
