আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। আটক ব্যক্তির নাম আশিক আলী (২২)। সে ভাড়ইমারী বড় বটতলা গ্রামের বাবলু প্রামাণিক এর ছেলে।
উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সরদার রাইস মিলের সামনে থেকে রবিবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি লোকাল গান (এলজি) ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, ঈশ্বরদী থানার এসআই রাজ্জাক এবং এএসআই শামীম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ আশিককে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বলেন, 'অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে মোটর সাইকেল ও সন্দেহজনক যানবাহন তল্লাশি করা হচ্ছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন বলেন, আশিকের বিরুদ্ধে বেপরোয়া চলাফেরা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
ইত্তেফাক/নূহু
