সহকর্মীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল জেলে

আপডেট : ২১ আগস্ট ২০১৭, ০৮:৪৭
 
রাজধানীতে সহকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন পুলিশের একজন নারী কনস্টেবল। অভিযুক্ত কনস্টেবল আরিফুল হককে (২৪) গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। নারী কনস্টেবলের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাকে ধর্ষণ করা হয়েছে। এরপর বিয়ে না করে প্রায় আড়াই মাস ধরে প্রতারণা করে আরিফুল। ধর্ষণের শিকার নারী কনস্টেবলকে (২২) গত শনিবার রাতেই স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তারা দু’জনই রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত। 
 
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্লা জানান, নারী কনস্টেবল শনিবার রাতে আরিফুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। রাতেই আরিফুলকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে আদালতে পাঠানো হলে ঢাকার মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ আরিফুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
ধর্ষণের শিকার নারী কনস্টেবল এজাহারে উল্লেখ করেছেন, গত ২ জুন আরিফুল বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে মালিবাগে ‘হোটেল মৌচাকের’ একটি কক্ষে নিয়ে যান। সেখানে তারা কিছুক্ষণ আলাপচারিতা করেন। একপর্যায়ে আরিফুল তাকে ধর্ষণ করে।
 
মামলার তদন্ত কর্মকর্তা শাজাহানপুর থানার এসআই সাইদুল ইসলাম জানান, বেশ কিছুদিন আগে তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হোটেলে নিয়ে ধর্ষণের পর তাকে বিয়ে না করে ঘুরাতে থাকে আরিফুল। একারণেই তার বিরুদ্ধে মামলা করতে বিলম্ব হয়েছে বলে ওই নারী কনস্টেবল জানিয়েছেন। কনস্টেবল আরিফুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
 
ইত্তেফাক/কেকে