কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ২১ আগস্ট ২০১৭, ০৯:৩০
 
কুষ্টিয়ায় কলেজ ছাত্র সাগর সাহাকে অপহরণের পর নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি এনামুল (৩০) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। নিহত এনামুল শিবপুর গ্রামের বাসিন্দা। রবিবার দিবাগত রাত ১টার দিকে  সদর উপজেলার শিবপুর গ্রামের একটি কলাবাগানের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় এনামুল নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
 
ইবি থানার ওসি মোহাম্মদ রতন শেখ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ টিমের ব্যাপক অভিযানের পর সাগর হত্যা মামলার প্রধান আসামি এনামুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তিনি কলেজ ছাত্র সাগরকে অপহরণের পর হত্যার দায় পুলিশের কাছে স্বীকার করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে রাতে  এনামুলকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযানে বের হয় এবং শিবপুর গ্রামের কলাবাগানের কাছে পৌঁছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা এনামুলের সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে আসামি এনামুল গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ এনামুলকে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
গোলাগুলির ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হন বলে ইবি থানার ওসি জানান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে। কলেজ ছাত্র সাগর হত্যা মামলার অপর আসামি শিপনকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।
 
উল্লেখ্য, গত কুষ্টিয়া সদর উপজেলার অন্তর্গত খাতের আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সাগর সাহাকে ১৬ আগস্ট কতিপয় দুর্বৃত্ত অপহরণের পর ৫০লাখ টাকা মুক্তিপণ দাবী করে আসছিল। মুক্তিপণের টাকা না পেয়ে দুর্বৃত্তরা সাগরকে নৃশংসভাবে হত্যা করে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ