ধোপাদিঘির দক্ষিণ পাড়ে পানি সংকট

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২২:২১

আমরা ধোপাদিঘির দক্ষিণ পাড় নিবাসী সিলেট সিটি করপোরেশনের আওতাধীন ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ধোপাদিঘির দক্ষিণ পাড় হয়ে বন্দরবাজার থেকে সুপানীঘাটের দিকে যে ২০০ গজ লম্বা সংযোগ সড়ক রয়েছে, সে সড়ক দিয়ে আজ দীর্ঘ চার যুগ ধরে পানি ও গ্যাসের বিতরণ লাইন টানা হয়নি। এ নিয়ে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে বহুবার আবেদন জানানো হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। আমরা চার শ ফুট দূর থেকে সড়ক ও জনপথ এবং সিটি করপোরেশনের রাস্তা কেটে ৪-৫ গুণ টাকা খরচ করে পানির লাইন এনেছিলাম। সে লাইনের ওপর দিয়ে একাধিকবার রাস্তা বড় করার ফলে আমাদের পানির লাইন ও গ্যাসের লাইন রাস্তার নিচে চলে যায়। তার ওপর রাস্তা দিয়ে ২০ টনি গাড়ি চলাচল করার ফলে আমাদের পানির লাইনের কয়েল পাইপ বসে যাওয়ায় লাইনে পানি অনেক কম আসছে। চড়া দামে ঠেলা গাড়ি থেকে পানি কিনে জীবন ধারণ করতে হচ্ছে। এত দীর্ঘ রাস্তা কেটে ব্যক্তি মালিকানায় খরচ দিয়ে পানির লাইন আনা সম্ভব নয়। অতীতে একাধিকবার টিউবওয়েল বসিয়ে আয়রন অত্যধিক থাকার ফলে সে পানি ব্যবহার করা সম্ভব হয়নি। তাই স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি এই পানি সংকট দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।

আব্বাস উদ্দিন আহমদ

ধোপাদিঘির দক্ষিণ পাড়, সদর, সিলেট ৩১০০