ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে সাড়ে চার হাজার মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। গত শুক্রবার ভোর থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত ডিএমপির সবকটি থানা এলাকায় এ অভিযান চালানো হয়। এ অভিযানে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২১ লাখ ৮২ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে অভিযানকালে ৩৫টি গাড়ি ডাম্পিং ও ৬০৩টি গাড়ি রেকার করা হয়েছে।
জানা যায়, দায়েরকৃত ৪৪৯৮টি মামলার মধ্যে রয়েছে— উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৮৯৭টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১০২টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ২টি, মাইক্রোবাসে কালোগ্লাস লাগানোর জন্য ৯টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১ হাজার ৮২৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৮৮টি মোটরসাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৯টি ভিডিও মামলা দেওয়া হয়।
