মিরপুরে মা-বাবার ওপর অভিমান করে কিশোরের আত্মহত্যা

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ০২:৪৬

সোমবার সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুরে এক দুরন্ত কিশোর মা-বাবার ওপর অভিমান করে কীটনাশক পানে আত্মহত্যা করেছে।

ওই কিশোরের নাম জনি মালিথা (১৭)। সে উপজেলার পৌরসভা পাশ্ববর্তী গোবিন্দগুনিয়া গ্রামের ইদ্রিস মালিথার ছেলে।

জানা যায়, জনি এলাকার ঐতিহ্যবাহী পদ্মাপুরন গানের দলের সদস্য। ওই গান পরিবেশন করতে ছেলেদের মেয়ে সেজে অভিনয় করতে হয়। এতে আপত্তি জানায় জনির পরিবার। পরিবারের অমত সত্বেও জনি গানে অংশ নিত।

সোমবার এ নিয়ে জনির মা-বাবা আবারো বকাবকি করলে সন্ধ্যায় সে কীটনাশক পান করে। দ্রুত তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে কীটনাশক শরীর থেকে বের করা হয়। তাতেও সে অাশঙ্কামুক্ত না হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু ঘটে।

সংবাদ পেয়ে মিরপুর থানার এস আই আনিছুর রহমান রাতেই জনির মরদেহ ময়নাতদন্তের জন্য বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

ইত্তেফাক/নূহু