হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ৯ দোকান ভস্মীভূত

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১০:২৯
 
হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের বড় দীঘি পাড় এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুইটি হোটেলসহ ৯টি দোকান।সোমবার দিবাগত রাত সোয়া ২টায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
IMG0
 
জানা যায়, রাত সোয়া দুইটার দিকে মো. পারভেজের ব্যাটারি দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের আরো নয়টি দোকানে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও বায়েজিদ ফায়ার সার্ভিসের মোট ৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ২ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে সালামত আলীর মালিকানাধীন শাহজালাল হোটেল এন্ড সুইটস, মো. শামসুল আলমের বার আউলিয়া হোটেল, আবচারের আবদার ইলেক্ট্রনিক্স, মো. রুবেলের মা টেলিকম, পরিতোষ রায়ের জে.এস মেডিকো, পারেভেজের ব্যাটারি চার্জের দোকান, মনসুরের নিউ খাজা মোটরস, তাজউদ্দিনের রহমানিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, আবুল কালামের কালাম মোটরস সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিদুর্গতদের দাবি- এ অগ্নিকাণ্ডে তাদের ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে।
 
IMG1
 
চট্টগ্রাম ফায়ার সার্ভিস জোন-৩ এর উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্ধি ইত্তেফাককে জানান, অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি। তবে বিপুল পরিমাণ ক্ষতির আশংকা রয়েছে।
 
ইত্তেফাক/কেকে