সিলেট অফিস
সিলেট জেলা বিএনপি গতকাল শনিবার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে। রেজিস্টারি মাঠে আয়োজিত এই প্রতীক অনশন কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ বলেন, কোনো অপরাধ নয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সরকার অন্যায়ভাবে তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। তারা বলেন, বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত চিকিত্সার তাগিদ দিলেও সরকার দায়সারা চিকিত্সার ব্যবস্থা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিণীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। দেশে অনেক বড় বড় দাগী সন্ত্রাসী এমনকি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু খালেদা জিয়ার জামিন ও মুক্তি নিয়ে সরকার টালবাহানা করেছে। তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
গতকাল সকাল ১১টা থেকে শুরু হওয়া প্রতীক অনশন কর্মসূচি বেলা ১টায় শেষ হয়। পরে পানি পান করিয়ে নেতাকর্মীদের অনশন ভাঙান সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট জেলার আহ্বায়ক ডা. শামীমুর রহমান। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয়) সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন প্রমুখ।
