মিরপুরে বখাটেদের হাতে যুবক খুন

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৩:৪২
রাজধানীর মিরপুরে কবির হোসেন (২০) নামে এক যুবক বাসার সামনে বন্ধুদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মঙ্গলবার উত্তর পীরেরবাগের ৩৬৩/৮/১ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ও বখাটেদের মধ্যে আধিপত্যের জের ধরেই এই ঘটনা ঘটেছে। 
 
পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে সকাল আটটার দিকে বাইতুস ফালাহ জামে মসজিদের পাশের একটি গলি থেকে রক্তাক্ত অবস্থায় কবিরের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
 
এদিকে পারিবারিক সূত্র জানায়, নিহত কবির বাইতুস ফালাহ জামে মসজিদের পাশের একটি বাসায় মায়ের সঙ্গে ভাড়া থাকতো এবং স্থানীয় একটি পোশাক তৈরির প্রতিষ্ঠানে প্রিন্টের কাজ করতো। এলাকাবাসীরা জানায়, ভোর ছয়টার দিকে ৫-৬ জন যুবক কবিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তারা কবিরের পূর্ব পরিচিত। এলাকায় সিনিয়র-জুনিয়র ও আধিপত্য বিস্তার নিয়ে তাদের সঙ্গে কবিরের দ্বন্দ্ব ছিলো। 
 
সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম আরো জানান, হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদেরকে আটকের চেষ্টা করা হচ্ছে। 
 
ইত্তেফাক/সেতু