ত্রিপুরার সাব্রুমে শিশু ও নারীসহ ১৭ বাংলাদেশি আটক

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২২:২৮

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমা শহরে ১৭ জন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী  বিএসএফ। অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে শুক্রবার (৫ এপ্রিল) সকালে তাদেরকে আটক করা হয় বলে সীমান্তের ওপার থেকে একটি নির্ভরযোগ্য সূত্র জানান। সূত্র আরও জানান, শুক্রবার ভোর বেলায় আটক বাংলাদেশিরা রামগড় বাজার সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। ভারতীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৭টা ও ৯টার দিকে সাব্রুম শহরের বাস স্টেশন ও কালীবাড়ি এলাকা থেকে দুই দফায় ৬৬ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা এদের আটক করে। আটককৃতদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি। তবে আটককৃতদের মধ্যে চারজন শিশু, ৮ জন মহিলা ও পাঁচজন পুরুষ রয়েছে। এরা সবাই হিন্দু ধর্মাবলম্বী এবং এদের বাড়ি চট্টগ্রাম ও নোয়াখালী বলে জানা যায়। সূত্র জানায়, সাব্রুমের নারায়ণ পাল ও উত্তম সিং নামে স্থনীয় দুইজন দালাল ৭ হাজার টাকার বিনিময়ে ওদের সীমান্ত পার করে সাব্রুম নিয়ে যায়। বিএসএফ আটক বাংলাদেশিদের সাব্রুম থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বলে সূত্র জানায়।

এদিকে, ভারতে ১৭ বাংলাদেশি আটকের ব্যাপারে রামগড়স্থ বিজিবির ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ তারিকুল ইসলাম, পিএসসি বলেন, তিনি খবরটি পাননি। তবে খোঁজ-খবর নেবেন বলে তিনি জানান।