শিক্ষাক্ষেত্রে চারু ও কারুকলা বিষয়ের অবমাননার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ১টার দিকে চারুকলা অনুষদের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ছবি আঁকা কোনো বোঝা নয় এটি মনের খোরাক মেটানোর একটি উপায়। চারুকলার মূল্য দিতে না পারলে আমাদের সংস্কৃতি থাকবে না। এটি ভেঙ্গে পাড়বে। আর সংস্কৃতিকে বাঁচাতে হলে আমাদের অষ্টম থেকে নয় প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চারুকলা পড়ানো উচিত। বর্তমানে যে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। তাদের মধ্যে যদি সংস্কৃতি থাকতো, শিল্প থাকতো তাহলে আজ তারা জঙ্গি হতো না। জঙ্গি থেকে দেশকে রক্ষা করতে হলে দেশে চারুকলা শিক্ষার কোন অবকাশ নেই। তাই আমরা চাই পাঠ্যবইয়ে যেন প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চারুকলা পড়ানো হয়।
মানববন্ধনে গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুব্রত কুমার ভৌমিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক টি এম এম নুরুল মোদ্দাসের চৌধুরী, একই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী জাহিদুল ইসলাম রাজীব, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাসান মাহমুদ অনিক, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতি জোটের সভাপতি ইন্দ্রজিত কুমার প্রমুখ।
ইত্তেফাক/ রেজা
