ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগ নেতৃত্ব দিবে : পলক

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৮:২২
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন ‘ ২০২১ সালের মধ্যে সরকারের যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের রূপকল্প হাতে নিয়েছে তা বাস্তবায়নে ছাত্রলীগ নেতৃত্ব দিবে।’
 
রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৭ উপলক্ষ্যে  এক আলোচনা সভা আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অমর একুশে হল ছাত্রলীগের সভাপতি আব্দুল জাব্বার রাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হল প্রাধাক্ষ্য ড.আনোয়ারুল ইসলাম। এছাড়া অন্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ,বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ,সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স উপস্থিত ছিলেন। 
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রধান বিচারপতির মন্তব্য ছাত্রলীগ মেনে নিবে না মন্তব্য করে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, প্রধান বিচারপতিকে  শ্রদ্ধা করি, কিন্তু উনি ষোড়শ সংশোধনী রায়ে যা বলেছেন তা ছাত্রলীগ মেনে নিবে না। সোহাগ বলেন, আপনার হয়তো অতীত মনে নেই। অতীতে অনেক বিচারপতি হাইকোর্ট থেকে পালিয়ে গেছে, আপনি ভুলে গেছেন। জাতির স্থপতি নিয়ে আর একটা কথা বলবেন না।
 
হল শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুল জাব্বার রাজ বলেন, খুনিরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলে জাতি তাকে চিরতরে ভূলে যাবে। কিন্তু তারা জানতো না বঙ্গবন্ধু একটি আদর্শের নাম, একটি চেতনার নাম। যাকে কখনো নিঃচিহ্ন করা যাবে না। বাঙালী ও বাংলার সাথে তিনি মিশে থাকবেন আজীবন।
 
ইত্তেফাক/রেজা