ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২২:৩২

বেনাপোল (যশোর) সংবাদদাতা

ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ২৪ জন বাংলাদেশি যুবক দীর্ঘ আড়াই বছর দেশটিতে কারাভোগ শেষে শুক্রবার দেশে ফিরেছে। বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফিরে এসেছে। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করে। ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছেন। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১১ জন কিশোর ও ১৩ জন যুবক। এদের বাড়ি সাতক্ষীরা, যশোর, নড়াইলসহ দেশের বিভিন্ন জেলায়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, আড়াই বছর আগে ভালো কাজের প্রলোভনে তারা দালালের মাধ্যমে ভারতে যায়। ভারতের বেঙ্গালুর শহরে যাওয়ার পর সেখানকার পুলিশের হাতে তারা আটক হয়। সেখান থেকে তালাশ অ্যাসোসিয়েশন নামে ভারতের একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়। শুক্রবার সকালে ভারতীয় পুলিশ ২৪ বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে। এদের সবাইকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।