হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসানের বাড়ি ভাঙচুর ও অন্তত ১০ রাউন্ড ফাঁকা গুলি করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত পৌণে ৩টার দিকে ফতেপুর ইউনিয়নের ১নং রেইল গেইট সইজ্যা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় ছাত্রলীগ সম্পাদক ঘরে ছিলেন না। হামলায় বাসার এসি ও জানালার কাচ ভাংচুর হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪টি ব্যবহৃত কার্তুজসহ ৬টি গুলির খোসা উদ্ধার করে। এর আগে গত ১৬ আগস্ট মধ্যরাতে এই এলাকায় ২০রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপের ঘটনা ঘটে।
মো. হাসান জানান, তিনি ওই সময় পাশের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন। হঠাৎ জানতে পারেন দুর্বৃত্তরা তার বাড়িতে হামলা চালিয়ে অন্তত ১০রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে এবং বাসার এসি ও জানালার কাচ ভাঙচুর করে। একপর্যায়ে তারা জোবরা এলাকা দিয়ে গুলি বর্ষণ করতে করতে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. কামাল উদ্দিন জানান, আমরা রাত সোয়া ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছি। ঘটনাস্থল থেকে ৪টি কার্তুজের ব্যবহৃত খোসাসহ মোট ৬টি গুলির খোসা উদ্ধার করেছি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এমআই
