কুকুরের দুধ পান করে বেড়ে উঠছে বিড়াল!

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২২:৩৩

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

অবিশ্বাস্য হলেও সত্য, একটি মা কুকুরের দুধ পান করে বেড়ে উঠছে একটি বিড়াল ছানা। তাড়াশ পৌর শহরের তাড়াশ বাজার এলাকার এ ব্যতিক্রম ঘটনা ঘটেছে। কুকুরের মালিক মুদি দোকানি মোল্লা রহিচউদ্দিন জানান, কুকুরটি তার গৃহপালিত। দিন-রাত দোকানের আশপাশেই থাকে। একদিন হঠাত্ দেখেন, ছোট বিড়াল ছানাটিকে দুধ পান করাচ্ছে মা কুকুরটি। এভাবে প্রায় পাঁচ মাস কেটে গেছে। বিড়াল ছানাটির বয়সও এখন পাঁচ মাসের মতোই হবে। সবসময় ছানাটি কুকুরের সাথেই থাকে। একইসাথে ঘুমায়। ক্ষুধা অনুভব হলেই দুধ পান করে। ছানাটি ধরতে গেলে কুকুরটি তেড়ে আসে।

প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু হানিফ বলেন, আলাদা জাতির হলেও গৃহপালিত প্রাণীদের মধ্যে এরকম হতে পারে। এটা প্রাকৃতিক।