কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে চাচাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ভাতিজা শামীমকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। অপর ঘাতক হযরত এসময় পালিয়ে যায়। নিহত হাবিবুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকান্দি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় হাবীবুর রহমান শহরতলির মনিপুর ঘাট ছোট ব্রিজ সংলগ্ন একটি চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় শামীম ও তার বড়ভাই হযরত সেখানে যায়। হযরত তার চাচা হাবীবুর রহমানকে জাপটে ধরে রাখে এবং শামীম গলায় ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী কল্পনা আক্তার বাদী হয়ে হযরত ও শামীমকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, সাতদিনের রিমান্ডের আবেদনসহ শামীমকে শনিবার কোর্টে চালান দেয়া হয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, শুক্রবার রাতে কুষ্টিয়ার মিরপুরে ভাতিজার অস্ত্রের আঘাতে চাচা খুন হয়েছেন। নিহতের নাম ভাষা (৪৬)।
পুলিশ জানায়, উপজেলার পোড়াদহ ইউনিয়নের বাবুপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা ভাষার উপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায় ভাতিজা বাদশা ও তার দলবল। এ সময় অস্ত্রের আঘাতে জখম হয়ে চাচা মাটিতে পড়ে যান এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
মিরপুর থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
