গভীর রাতে রাবিতে ককটেল বিস্ফোরণ

আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১২:২৮
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মধ্যরাতে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ১১টা ও ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম এলাকা ও মাদার বখ্শ হলের ছাদে এ ঘটনা ঘটে। পরে হলে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র মহড়া দিলে শিক্ষার্থীরা আতঙ্ক হয়ে পড়েন। 
 
মাদার বখ্শ হল সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে হঠাৎ হলের পশ্চিম পাশের ছাদ থেকে দুইটি ককটেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এরপরেই হলের ভেতর লাঠি, পাইপ, কিরিচ, ধারালো ছোরা হাতে মহড়া দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। 
 
এসময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, আহমেদ সজিব, সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্ক, হাসান লাবন ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহীল গালিবসহ ২০-২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এতে মাদার বখ্শ হলসহ এর আশেপাশের সোহরাওয়ার্দী, জিয়াউর রহমান, শামসুজ্জোহা ও হবিবুর রহমান হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
শিক্ষার্থীরা জানান, মাদার বখ্শ হলের ওই ঘটনার আগে রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম এলাকায় একটি ককটলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে অনেকেই দাবি করছেন, এটি মাদার বখ্শ ও জিয়া হলের মাঝামাঝি কোনো ফাঁকা জায়গায় বিস্ফোরিত হয়েছে।
 
ছাত্রলীগের নেতারা দাবি করেন, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ছাত্রশিবির এ ধরনের অপকর্ম করছে। তাদের সকল অপকর্ম রুখতে রাবি ছাত্রলীগ সব সময় প্রস্তুত রয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, মাদার বখ্শ হলের বুধবার রাতের ঘটনাটি আমি শুনেছি। হলের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। 
 
ইত্তেফাক/কেকে