ক্রেতাদের সামনে এল স্যামসাং গ্যালাক্সি নোট ৮

আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৮:২৫
বিশ্বখ্যাত দক্ষিণ কোরীয় ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং তাদের নোট সিরিজের নতুন স্মার্টফোন গ্যালাক্সি নোট ৮ উন্মোচন করেছে। আগের বছর নোট ৭ দূর্ঘটনার পর এবার নতুন নোট ৮-এ বাড়তি সতর্কতা নিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
 
স্যামসাংয়ের জন্য সাম্প্রতিক সময়টা বেশ কষ্টকরই বলতে হবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে জানা যায়,  প্রথমে গ্যালাক্সি নোট ৭ বিপর্যয় তারপর দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠান প্রধানের গ্রেপ্তার হওয়ার কথা জানা যায়। তারপরো গ্যালাক্সি এস৮ ও এস৮ প্লাস ডিভাইস দিয়ে ক্ষতি কিছুটা পুষিয়ে নিয়েছে স্যামস্যাং। এবার ২৩ অগাস্ট গ্যালাক্সি নোট ৮ উন্মোচনের মধ্য দিয়ে গ্রাহকের আস্থা পুরোপুরি ফিরে পাওয়ার চেষ্টা করছে স্যামসাং।
 
গ্যালাক্সি এস৮-এর চেয়ে নোট ৮ কিছুটা লম্বা ও চওড়া। আর এস৮ এর গোলাকার কোণাগুলোর চেয়ে এটির পর্দা কিছুটা চার কোণা আকারের। গ্যালাক্সি এস৮-এর পর্দাকে ইনফিনিটি ডিসপ্লে দাবি করেছে স্যামসাং। নতুন গ্যালাক্সি নোট ৮-এও একই ধরনের পর্দা ব্যবহার করা হয়েছে। এটির পর্দার আকার  ৬.৩ ইঞ্চি, যেখানে গ্যালাক্সি এস৮ প্লাস-এর পর্দা ৬.২ ইঞ্চি। এর পাশাপাশি স্মার্টফোনটিতে প্রথমবারের মতো ডুয়াল ক্যামেরা যোগ করেছে স্যামসাং। আর নোট সিরিজের সিগনেচার ফিচার এস পেন স্টাইলাসও রয়েছে এতে। নোট ৮ স্টাইলাইসের জন্য নতুন কিছু ফিচারও আনা হয়েছে। নতুন এই ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসরের সঙ্গে ৬ জিবি র‍্যাম ব্যবহার করা হয়েছে। তবে, এবার ব্যাটারি নিয়ে বাড়তি সতর্কতার জন্য এতে ছোট ব্যাটারি ব্যবহার করেছে স্যামসাং। নোট ৮-এর ব্যাটারি রাখা হয়েছে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার। নতুন গ্যালাক্সি নোট ৮-এ স্যামসাংয়ের ভয়েস অ্যাসিস্টেন্ট সেবা বিক্সবিও রাখা হয়েছে। আর গ্যালাক্সি এস৮-এর মতো নোট ৮-এও বিক্সবির জন্য আলাদা বাটন রাখা হয়েছে।
 
প্রসঙ্গত, ২০১১ সালে প্রথম নোট সিরিজ উন্মোচন করে স্যামসাং। তবে নোট সিরিজ কখনোই স্যামসাংয়ের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ডিভাইসগুলোর মধ্যে ছিল না। কিন্তু এর প্রতি গ্রাহকের ভালোবাসা ভিন্ন। মোড়ক উন্মোচন হলেও ডিভাইসটি কবে নাগাদ বাজারে আসবে তা জানায়নি প্রতিষ্ঠানটি। আর বাজার এলে এর মূল্য কতো হবে সেটিও বলা হয়নি। তবে, স্মার্টফোনের মূল্য অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক/রেজা