বেতাগীতে শ্রেণিকক্ষে শিক্ষিকা গণধর্ষণের সঙ্গে জড়িতদের বিচার দাবি

আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ০০:৫৩

বেতাগীতে শ্রেণিকক্ষে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে গণধর্ষণের ঘটনায় অপরাধীদের সুষ্ঠু বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

বামনা (বরগুনা): বেতাগীতে স্বামীকে আটকে রেখে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে গণধর্ষণের ঘটনায় অপরাধীদের সুষ্ঠু বিচারের দাবিতে বামনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে গতকাল দুপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

মানববন্ধন শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বামনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শাহজাহান খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজানন্দ শীল, কলেজ শিক্ষক সমিতির নেতা উপাধ্যক্ষ মহসীন কবীর, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।

সভায় বক্তারা অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে শিক্ষক নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন।

ঝালকাঠি: বরগুনার বেতাগী উপজেলায় স্কুল শিক্ষিকাকে গণধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার এবং শিক্ষিকার নিরাপত্তার দাবিতে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন করেছে ঝালকাঠি সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর তিনটা থেকে ঘণ্টাব্যাপী সদর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। পরে একই দাবিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন শিক্ষকরা।এর আগে ঝালকাঠি সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফারুক খানের সভাপতিত্বে মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি নূরুল হক, সদর উপজেলা প্রধান শিক্ষক সমিতির আহ্বায়ক নূরুন্নাহার বেগম, সহকারী শিক্ষক সমিতির জেলা আহ্বায়ক হাসানুজ্জামান প্রমুখ। এছাড়া সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও নলছিটি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।

আমতলী (বরগুনা): বেতাগী উপজেলায় শ্রেণিকক্ষে শিক্ষিকা ধর্ষণের প্রতিবাদ এবং সুষ্ঠু বিচারের দাবিতে কেন্দ্রীয় প্রাথমিক সংগঠনের কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকেল ৩টায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করে আমতলী উপজেলার শিক্ষকরা। চাওড়া চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আমতলী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মো. নুরুল ইসলাম মৃধা, মনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে আমতলী উপজেলার ১৫১টি বিদ্যালয়ের প্রায় আট শতাধিক শিক্ষক অংশগ্রহণ করে।

ইত্তেফাক/নূহু