হাজি কল্যাণ পরিষদের সমাবেশ
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা শনিবার দুপুরে মিরপুরে হাজী কল্যাণ পরিষদের বাত্সরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা হাজী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল্লাহ হেল কাফির সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া অ্যান্ড ইসলামিক ইস্টাডিস বিভাগের অধ্যাপক ড. আ ছ ম তরিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ ও মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভা
সাতক্ষীরা প্রতিনিধি শনিবার সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টারে সভার আয়োজন করা হয়। বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক সভাপতি ছাইফুল করিম সাবু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ প্রমুখ।
সংগীতে বিভাগীয় চ্যাম্পিয়ন তালার দুই ছাত্রী
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সংগীতে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে তালার দুই কৃতী শিক্ষার্থী। তারা তালা গণসাংস্কৃতিক কেন্দ্রের ছাত্রী। এরমধ্যে কলেজ পর্যায়ে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী দেবশ্রী পাল উচ্চাঙ্গ সংগীতে প্রথম স্থান অর্জন করেছে এবং স্কুল পর্যায়ে তালা শহীদ আলী আহমেদ সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী জয়িতা দেবনাথ নজরুল সংগীত ও উচ্চাঙ্গ সংগীতে প্রথম স্থান অর্জন করেছে। শুক্রবার বয়রা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির আহ্বায়ক ও খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া এবং সদস্য সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর হারুনর রশীদ তাদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
চাটমোহর (পাবনা) সংবাদদাতা শুক্রবার বিকালে চাটমোহরের হরিপুর ফুটবল মাঠে উদ্বোধন হয়েছে পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। পাবনা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্ট উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এমপি। সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপারের প্রতিনিধি এএসপি (চাটমোহর সার্কেল) ফজল ই খুদা পলাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার।
