যেখানে সত্যের পথ রুদ্ধ, সেখানে ফেক নিউজের শুরু ------------ আইনমন্ত্রী

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২২:৪৭

ইত্তেফাক রিপোর্ট

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবাদ মাধ্যমগুলোকে সত্য এড়ানোর প্রবণতা/নীরবতা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে মানুষের সত্য জানার পথ যেখানে বন্ধ হয়ে যায়, ফেইক নিউজের (ভুয়া সংবাদ) পথচলা সেখান থেকেই শুরু হয়। তিনি বলেন, যে সংবাদ মাধ্যমের/প্রতিষ্ঠানের ওয়েবসাইট হুবহু নকল হবে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা তাদেরই নিতে হবে। ওয়েবসাইট নকলের ক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠিত হাউজের আইনি ব্যবস্থাও গ্রহণ করা উচিত। গতকাল শনিবার রাজধানীর মালিবাগে বেসরকারি বার্তা সংস্থা ইউএনবি আয়োজিত ‘ভুয়া খবর ও ঘৃণামূলক বক্তব্য, কারণ ও পরিণাম : কীভাবে তা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করছে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ফেইক নিউজের প্রচার ও প্রকাশ বন্ধে সরকারের পাশাপাশি মূলধারার সংবাদ মাধ্যমগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মূলধারার সংবাদ মাধ্যমগুলোকে বস্তুনিষ্ঠ সংবাদ তৈরি করে তা দ্রুততম সময়ে পাঠকের কাছে পৌঁছে দিতে হবে যাতে তারা সংবাদের জন্য সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ না হয়। তিনি বলেন, ফেইক নিউজ চিহ্নিতকরণের জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করা উচিত। কারণ কোনো প্রযুক্তিকে প্রযুক্তি দিয়েই মোকাবেলা করা সমীচীন। তাছাড়া সোশ্যাল মিডিয়াগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং যারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ফেইক নিউজ তৈরি করে প্রচার করছে তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে এবং তাদের অর্থের উত্স খুঁজে বের করতে হবে।

সিঙ্গাপুরে অবস্থিত ইনস্টিটিউিট অব সাউথ এশিয়ান স্টাডিজের প্রিন্সিপাল রিসার্চ ফেলো ড. ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাকাউন্টিবিলিটি অ্যান্ড ইন্টারনেট ডেমোক্রেসি বিষয়ক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড্যান শিফেট এবং ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খান বক্তৃতা করেন।