সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর খুন

ভিক্ষুকের হাতে ভিক্ষুক খুন

আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ০৯:১৫
 
রাজধানীতে পৃথক ঘটনায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এক কিশোর ও ভিক্ষুকের হাতে তার কথিত স্ত্রী খুন হয়েছেন। নিহতরা হলেন- দারুস সালামে শাহিন (২০) এবং বিমানবন্দর রেল স্টেশনে রাবেয়া খাতুন (২৬)। পুলিশ তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এসব খুনের ঘটনা ঘটে।
 
দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান বলেন, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে শাহিনকে খুন করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
 
নিহত শাহিনের মা সালেহা বেগম জানান, শাহিন দারুস সালামের টোলারবাগে রাজমিস্ত্রীর কাজ করত। সম্প্রতি টোলারবাগ ও লালকুঠি এলাকার ছেলেরা ফুটবল খেলার আয়োজন করে। শাহিন টোলারবাগের হয়ে লালকুঠিতে গিয়ে খেলে। খেলায় শাহিনদের টিম জয়ী হয়। বিষয়টি লালকুঠি টিমের ছেলেরা মানতে পারেনি। তারা বেশ কয়েক দিন আগে টোলারবাগ টিমের এক ছেলেকে (শাহিনের বন্ধু) আটক করে। ওই ছেলে তাদের বলে, আমরা কি দোষ। শাহিন খেলছে, তাই আমাদের টিম জিতেছে। আপনারা আমাকে ছেড়ে দিন আমি শাহিনকে হাজির করবো। লালকুঠি টিম ওই ছেলেকে ছেড়ে দেয়।
 
তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে ওই ছেলে শাহিনকে ঘোরার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাত ৮ টার দিকে খবর পান যে টোলারবাগ এলাকায় শাহিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ডিশের তার দিয়ে তাকে আঘাত করা হয়েছে। উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক শাহিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে আটজনকে আসামি করে মামলা করেছেন।
 
এদিকে গতকাল দুপুরে বিমানবন্দর রেলস্টেশন ১ নং প্লাটফর্মের সামনে রাবেয়ার পেটে ছুরি মারে তার কথিত স্বামী নাজমুল। গুরুতর অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। তারা দু’জনই পেশায় ভিক্ষুক।
 
রেলস্টেশনের ভিক্ষুক স্বপ্না ও শাওন জানান, দুপুরে স্টেশনের ওপর নাজমুল ও রাবেয়া ঝগড়া করে। এক পর্যায়ে রাবেয়ার পেটে ছুরিকাঘাত করে নাজমুল। এ সময় লোকজন এগিয়ে আসলে নাজমুল ছুরি নিয়ে মারতে তেড়ে আসে এবং বলে, আমার বৌকে আমি মেরেছি তোদের কি। পরে লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।
 
ঢাকা রেলওয়ে থানার এসআই আলী আকবর জানান, এ ঘটনায় নিহতের কথিত স্বামী নাজমুলকে গ্রেফতার করা হয়েছে।  সে পুলিশকে জানিয়েছে, দুই মাস আগে টঙ্গী স্টেশনে মাজার ধরে তারা বিয়ে করেছেন। গতকাল ঝগড়ার এক পর্যায়ে রাবেয়াকে তিনি ছুরিকাঘাত করেন।
 
ইত্তেফাক/আনিসুর