সিরাজগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি ধূমপান, মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেছেন, মাদক ও সন্ত্রাসের কবলে পড়ে ভবিষ্যত্ প্রজন্ম যদি বিপথে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে উন্নয়ন করে লাভ কী? তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তরুণ সমাজকে যোগ্য নেতৃত্ব হিসাবে গড়ে তুলতে হবে। এজন্য সন্তানের পিতামাতাসহ শিক্ষকদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
গতকাল শনিবার দুপুরে কাজিপুরের সোনামুখীতে ছাত্রশিক্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগ দেবার আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ২৪ এপ্রিল রাষ্ট্রপতি সংসদ আহবান করেছেন। সংসদে আসুন, জনগণের কথা বলুন, সরকার সংসদকে প্রাণবন্ত দেখতে চায়। নির্বাচন হয়েছে, জনগণ আপনাদের নির্বাচিত করেছে, কেন সংসদে যাবেন না প্রশ্ন রেখে তিনি বলেন, সংসদে যোগ দিয়ে সরকারের ভুল ধরিয়ে দিন, খালেদা জিয়ার মুক্তির কথা বলুন, হয়তো বা লাভ হতে পারে। তিনি আরো বলেন, গলায় জোর থাকলে ছয়জনই ৬০ জনের আওয়াজ তুলতে পারবেন।
খালেদা জিয়ার মুক্তির আন্দোলন প্রসঙ্গ টেনে মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ বিরোধী দলে থাকতে অনেক বার জেল খেটেছি, পুলিশের হাতে লাঠিপেটা সহ্য করেছি। কিন্তু আন্দোলনের মাঠ থেকে পালিয়ে যাইনি। সাহস থাকলে মাঠে নামেন, আন্দোলনের হুমকি দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না।
সোনামুখী ইউনিয়নের পরানপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘অন্য রকম বিদ্যা নিকেতন’ আয়োজিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রকৌশলী আব্দুর রশীদ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক ইয়াসিন আলী প্রমুখ। পরে মোহাম্মদ নাসিম সোনামুখীতে নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন এবং সিরাজগঞ্জ শহর থেকে কাজিপুর-সোনামুখী হয়ে বগুড়া পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ করার ঘোষণা দেন।
