ইত্তেফাক রিপোর্ট
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটে মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম পূর্ণাঙ্গ প্যানেলে জয়ী হয়েছে। গতকাল রাত পৌনে দশটায় এই ফল প্রকাশ করা হয়। শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত রাজধানীর কাওরান বাজারের বিজিএমইএ ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রায় ছয় বছর পর ভোট দিতে পেরে ভোটারদের উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল মিলিয়ে মোট ৩৫টি পরিচালক পদের মধ্যে চট্টগ্রাম অঞ্চলে ৯ জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গতকাল ঢাকা অঞ্চলের ২৬ জন পরিচালক পদের জন্য ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হকের নেতৃত্বাধীন ‘সম্মিলিত ফোরাম’ ও ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম ‘স্বাধীনতা পরিষদ’ প্যানেলের নেতৃত্ব দেন। ২৬ পরিচালক পদে মোট প্রার্থী ছিলেন ৪৪ জন। এর মধ্যে সম্মিলিত ফোরামের ২৬ জন, স্বাধীনতা পরিষদের ১৭ জন ও একজন স্বতন্ত্র (প্যানেল ছাড়া) পরিচালক প্রার্থী হন।
চট্টগ্রামের ভোটে স্বাধীনতা পরিষদ প্যানেলের কোনো প্রার্থী না থাকায় সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সবাই সম্মিলিত ফোরাম প্যানেলের।
