একটু বৃষ্টি হলেই ফরিদপুরের নগরকান্দা বাজারের প্রধান সড়ক পানির নিচে তলিয়ে যায় । এ কারণে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। তবু দেখার যেন কেউ নেই। সড়কের পাশে অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করায় বৃষ্টির পানি সড়কের উপর চলে আসে। বৃষ্টির পানি পাশের একটি পুকুরের পচা পানির সাথে মিশে সড়কে চলে এসে দুর্গন্ধ ছড়াচ্ছে। সড়কের পাশে পানি জমে যাওয়ায় ব্যবসায়ীদেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। আর্থিক লোকসান গুনতে হচ্ছে প্রতিদিন।
ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, অপরিকল্পিতভাবে নির্মাণ করা ড্রেনের পানি নামছে সড়কের পাশের পুকুরে। কিন্তু পুকুরের পানি পাশের নদীতে নামার কোনো ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
নগরকান্দা বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘বৃষ্টি হলেই বাজারের প্রধান সড়কে পানি জমার প্রধান কারণ হলো, ড্রেনগুলো যথাযথভাবে নির্মাণ করা হয়নি।
এছাড়া কিছু ড্রেন সড়কের চেয়ে উঁচু হওয়ায় পানি ড্রেনে না গিয়ে সড়কের উপরই জমে থাকছে। যদি সড়ক ও পাশের পুকুরের পানি ড্রেনের মাধ্যমে বাজারের পাশের নদীতে নামার ব্যবস্থা করা হয়। তাহলেই সমস্যার সমাধান হবে। পৌর কর্তৃপক্ষের এ ব্যাপারে নজর দেওয়া প্রয়োজন।’
ইত্তেফাক/নূহু
