ইত্তেফাক রিপোর্ট
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার চক্রান্তকারীদের সঙ্গে আপোষ করে ক্ষমতায় টিকে আছে। আজকে আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ দূরে। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। শুধু বন্দুকের নল দিয়ে জোর করে টিকে আছে। তারা আজকে রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণ করায়ত্ত করে টিকে আছে। জোর করে ক্ষমতায় বেশিদিন টিকে থাকা যায় না। বিশ্বের ইতিহাস তাই বলে।
তিনি বলেন, আমাদের মধ্যে অনেক সময় দেখি একটা হতাশা, কিন্তু কেন, কী হয়েছে? এই নির্বাচনের ফলাফল তারা নিয়ে গেছে, এজন্য কি আমরা পরাজিত হয়ে গেছি? মোটেই না, আমরা জনগণের অধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা অপ্রতিরোধ্য আন্দোলন গড়ে তুলব। যার মাধ্যমে বুকের ওপর বসে থাকা এই পাথর সরকার সরাবো।
গতকাল রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে কল্যাণ পার্টির চতুর্থ জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ।
এদিকে কল্যাণ পার্টির চতুর্থ জাতীয় কাউন্সিলে আবারও চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম এবং মহাসচিব হিসেবে এমএম আমিনুর রহমান নির্বাচিত হয়েছেন।
মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি এখন চলতে পারেন না, কিছু খেতে পারেন না। আমরা বারবার দাবি জানিয়েছি, তাঁকে বিশেষায়িত হাসপাতালে চিকিত্সা দেওয়ার জন্য। কিন্তু সরকার তাকে পিজি (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে গেছে। আমরা মনে করি না সেখানে তাঁর সঠিক চিকিত্সা হবে।’
