‘ম্যাথুসের পদত্যাগ করা উচিত হয়নি’

আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৮:৫৮
শ্রীলংকা ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দেয়া অ্যাঞ্জেলো ম্যাথুসের পাশে দাঁড়ালেন দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। তিনি বলেন, ম্যাথুসের অধিনায়কত্ব ছেড়ে দেয়া উচিত হয়নি। আর বোর্ডেরও তার পদত্যাগপত্র গ্রহণ করা ঠিক হয়নি। 
 
২০১২ সাল থেকে শ্রীলংকা দলের অধিনায়কত্ব করে আসছিলেন ম্যাথুস। কিন্তু ২০১৭ সালে লম্বা ইনজুরিতে পড়লে সব কিছু এলোমেলো হয়ে যায়। ইনজুরি কাটিয়ে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে ফেরেন তিনি। কিন্তু গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় উপমহাদেশের দলটিকে। দেশে ফিরে দুর্বল জিম্বাবুয়ের কাছে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পরই ম্যাথুস অধিনায়কত্ব ছেড়ে দেন।
 
রানাতুঙ্গা ম্যাথুসের ইতিবাচক নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘আমার দেখা শ্রীলংকার অধিনায়কদের মধ্যে রঞ্জন মাদুগালের পর ম্যাথুস সেরা। তার পদত্যাগপত্র শ্রীলংকা ক্রিকেট বোর্ডের গ্রহণ করা উচিত হয়নি। আমার কিছু বলার সুযোগ থাকলে বলতাম এটা তার পদত্যাগ করার সময় নয়।’
 
রানাতুঙ্গা আরো বলেন, ‘গত বছর শ্রীলংকা যখন টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে। তখন অনেকেই এর কৃতিত্ব নিয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে সে যখন পরাজিত হয়েছে তাকে বলির পাঠা বানানো হয়েছে এবং সব দায় তার উপর চাপানো হয়েছে। ম্যাথুস খুবই ইতিবাচক একজন অধিনায়ক ছিল। কিন্তু দলে প্রতিনিয়ত পরিবর্তন এবং অনেক বেশি খবরদারি সে মেনে নিতে পারেনি।’
 
ইত্তেফাক/কেআই