গাইবান্ধা সদর উপজেলার কিশামত মালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী উমিয়া আপন (৯) কে বেত দিয়ে মারপিটে আহত করার অভিযোগে মনিরা আকতার (২৫) নামে এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ।
বাড়ি থেকে রবিবার গ্রেফতার হওয়া স্কুলশিক্ষিকা মনিরা আকতার সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর গ্রামের আ.ন.ম. আকতারুজ্জামানের স্ত্রী। স্কুলছাত্রী উমিয়া আপন কিশামত মালিবাড়ী ধর্মপুর গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে।
গাইবান্ধা সদর থানার ওসি খাঁন মো. শাহরিয়ার মামলার বরাত দিয়ে জানান, গত ২১ আগস্ট স্কুল ছাত্রী উমিয়া আপনকে স্কুলে দুষ্টুমি করার অপরাধে শিক্ষিকা মনিরা আকতার বেত দিয়ে মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়। তাকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৪ আগস্ট পর্যন্ত সে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
তিনি আরো জানান, এঘটনায় গত ২৪ আগস্ট উমিয়ার বাবা আব্দুল আউয়াল গাইবান্ধা সদর থানায় সদর থানায় শিক্ষিকা মনিরা আকতারকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ইত্তেফাক/জামান
