রাজধানীর গুলশান এলাকা থেকে রবিবার বিকেলে আরএমএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ রায়কে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ তাকে ধরেনি বলে নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দিকী।
তিনি বলেন, এই ধরনের অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি নিয়ে ডিবিও কাজ করছে। এখন আমরা এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছি।
আরএমএম গ্রুপের হিসাব বিভাগের কর্মকর্তা অর্নিবান রাত সাড়ে ৮টার দিকে ইত্তেফাককে বলেন, ‘রবিবার দুপুর সাড়ে ৪টার দিকে গুলশান এক নম্বরের পাশে ইউনিয়ন ব্যাংকের সামনে থেকে ডিবি পরিচয়ে স্যারকে তুলে নিয়ে যায়। এ সময় স্যারের ড্রাইভার সঙ্গে ছিলেন। ঘটনার পর থেকে ড্রাইভার ডিবির হেফাজতে রয়েছে। ফলে পুরো ঘটনাটি কিভাবে ঘটেছে সেটা আমরাও বুঝতে পারছি না।’
অর্নিবান বলেন, ‘আমরা গুলশান থানায় গিয়েছি, সেখান থেকে আমাদের বলা হয়েছে তারা ধরেনি। ডিবিতে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তারা। ডিবি অফিস থেকেও জানানো হয়েছে তারা ধরেনি। তবে স্যারকে উদ্ধারের ব্যাপারে ডিবি কাজ শুরু করেছে। স্যারের ড্রাইভারও ডিবি কর্মকর্তাদের হেফাজতে আছেন। ফলে আমরা নিজেরাও ঘটনাটি কিভাবে ঘটেছে তা বুঝতে পারছি না।’
গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দিকী বলেন, ‘তদন্তে আমরা ইউনিয়র ব্যাংকের সামনে গিয়েছিলাম। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। একটা সিলভার কালারের মাইক্রোবাসে তাকে তুলে নেয়া হয়েছে। মাইক্রোবাসে কয়জন ছিল সেটাও জানার চেষ্টা করছি। ব্যাংকের সিসিটিভির ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে। ড্রাইভারের কাছ থেকেও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।’
ইত্তেফাক/ইউবি
