শেওড়াপাড়া ও কাজীপাড়া পড়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডে। এসব এলাকায় রয়েছে গ্যাস ও পানির সংকট। পশ্চিম কাজীপাড়া এলাকায় ওয়াসার পানিতে আসে দুর্গন্ধ। এই ওয়ার্ডে নেই কোনো খেলার মাঠ, সরকারি কমিউনিটি সেন্টার। সিটি করপোরেশন নির্বাচনের দুই বছর পার হলেও ওয়ার্ডের বেশির ভাগ সড়ক এখনো ভাঙাচোরা।
পূর্ব ও পশ্চিম সেনপাড়া পর্বতা, পূর্ব ও পশ্চিম কাজীপাড়া, পূর্ব ও পশ্চিম শেওড়াপাড়া, পশ্চিম কাফরুল এলাকা নিয়ে ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডে তিন লাখের অধিক লোকের বাস। পশ্চিম শেওড়াপাড়া অলি মিয়ার টেক এলাকায় খালে স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। খালের মধ্যে প্লাস্টিকের বোতল, টিন, পলিথিনসহ নানা বর্জ্য জমে আছে। খালের পাশের খালি জায়গায় তোলা হয়েছে ঘর। এসব ঘরের বাসিন্দারা বলেন, খালে পানিপ্রবাহ না থাকায় অল্প বৃষ্টিতেই এসব ঘরে ময়লা পানি ঢুকে যায়।
শেওড়াপাড়া থেকে পীরেরবাগ পর্যন্ত সংযোগ স্থাপন করা সড়কটি পীরেরবাগ সড়ক নামেই বেশি পরিচিত। এই সড়ক দিয়ে মধ্য পীরেরবাগ, দক্ষিণ পীরেরবাগ, পশ্চিম শেওড়াপাড়া, নতুন ৬০ ফুট রাস্তা ও আশপাশের এলাকার লোকজন চলাচল করে। সড়কটি ভাঙাচোরা। ভাঙা রাস্তায় চলতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
পুরো রাস্তাটির বেশিরভাগ অংশই চলাচলের অনুপযোগী। সড়কের বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের অলি মিয়ার টেক বাজারের অংশে বেশি এবড়োথেবড়ো। সড়কটি শেষ কবে পিচ ঢালাই হয়েছিল তা দেখে বোঝার উপায় নেই। এই সড়কটির সঙ্গে যুক্ত আশপাশের সংযোগ সড়কগুলো ঘুরেও একই রকম অবস্থা দেখা যায়।
স্থানীয় দোকানদার মমিনুল মিয়া বলেন, ১২ বছর ধরে এখানে দোকানদারি করতেছি। একবার রাস্তা চওড়া করছে, একবার পাইপ বসাইছে। কিন্তু রাস্তা ঠিক করে নাই। শেওড়াপাড়া বাসস্ট্যান্ড থিকা অলি মিয়ার টেকের বাজার পর্যন্ত এমন ভাঙা।
গ্যাস-সংকটের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন কাফরুল, শেওড়াপাড়া, কাজীপাড়া, সেনপাড়া পর্বতা এলাকার বাসিন্দারা। সকালের দিকে একটু গ্যাস এলেও মাঝখানে চলে যায়। সকালে, নয়তো গভীর রাতে চুলায় গ্যাসের দেখা মেলে।
ওয়ার্ডের পশ্চিম শেওড়াপাড়া, কাজীপাড়া এলাকার কোথাও পানি নেই, কোথাও পানিতে ময়লা ও দুর্গন্ধ। পশ্চিম কাজীপাড়ার বেশ কিছু বাড়িতে ওয়াসার লাইনে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি আসছে। এলাকাবাসী বলছেন, কয়েক মাস ধরে ভোগান্তি পোহাচ্ছেন তাঁরা। পশ্চিম শেওড়াপাড়া এলাকায় পানির সমস্যা দীর্ঘদিনের।
উত্তর সিটি রাজধানীর প্রধান সড়কগুলোর ফুটপাতে বসিয়েছে ময়লা ফেলার বিন। তবে এই ওয়ার্ডের কাউন্সিলর নিজ উদ্যোগে এলাকায় প্রধান ও ভেতরের সড়কগুলোতে কিছুদূর পরপর ময়লা ফেলার বিন বসিয়েছেন। দেখা যায়, এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে টিনের তৈরি গাঢ় সবুজ রঙের ময়লা ফেলার বিন টাঙানো। বিনের নিচ দিয়ে খোলার ব্যবস্থা আছে। বিন ময়লা-আবর্জনায় ভরে গেলে নিচের দিক দিয়ে খুলে পরিষ্কার করা হয়।
ইত্তেফাক/আনিসুর
