ইত্তেফাক রিপোর্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের এক সভা গতকাল শনিবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের চেয়ারপারসন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভায় ট্রাস্টের সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড পর্যালোচনা ও ট্রাস্টের বিভিন্ন প্রকল্পের কাজ আরো দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।
আগের সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়েও সভায় পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন উপ-কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় অন্যদের মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, বঙ্গবন্ধুর পৌত্র রাদোয়ান মুজিব সিদ্দিক ববি, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, নূর-ই-আলম লিটন চৌধুরী ও সদস্য সচিব শেখ হাফিজুর রহমানসহ ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
